দেবহাটা

দেবহাটায় নবনির্মিত ভূমি অফিস ভবনে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর যোগসাজশের অভিযোগ, কাদাযুক্ত পাথরে ছাদ ঢালাইয়ের দাবি

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:১২:১৪ অনলাইন সংস্করণ

দেবহাটায় নবনির্মিত ভূমি অফিস ভবনে অনিয়মের অভিযোগ
উপজেলা প্রকৌশলীর যোগসাজশের অভিযোগ, কাদাযুক্ত পাথরে ছাদ ঢালাইয়ের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাদাযুক্ত পাথর দিয়ে ছাদ ঢালাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত পাথরের সঙ্গে কাদা-মাটি মিশ্রিত রয়েছে বলে দেখা যায়।
কাজের সময় সেখানে উপসহকারী প্রকৌশলী সমীরণ ঘোষের উপস্থিত থাকার কথা জানা গেলেও তাকে নির্মাণস্থলে পাওয়া যায়নি। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি পুরাতন ভূমি অফিসের একটি কক্ষ থেকে নির্মাণস্থলে এসে কাদাযুক্ত পাথর ধোয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নির্মাণকাজের তদারকি ও অনিয়মের অভিযোগের বিষয়ে দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি আধাঘণ্টা আগে চলে এসেছি, আমার লোক ওখানে আছে।” কাদাযুক্ত পাথর ব্যবহারের বিষয়টি তাকে জানানো হলে তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার বক্তব্যে নির্মাণকাজের ঠিকাদারের পক্ষ নেওয়ার অভিযোগও ওঠে।
স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলী দ্যুতি মণ্ডলের যোগসাজশে শুরু থেকেই ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজে বিভিন্ন অনিয়ম চলে আসছে। তবে ওই ব্যক্তির অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নির্মাণকাজের ঠিকাদার হিসেবে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার আবুল কালামের নাম জানা গেছে। তিনি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মনসুর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়।
নির্মাণকাজে কাদাযুক্ত পাথর ব্যবহারের অভিযোগ এবং অন্যান্য অনিয়মের বিষয়ে ঠিকাদার আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এদিকে, সরকারি ভবন নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের দাবি উঠেছে।

আরও খবর