প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১২:৫৫:৪৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

গ্রামের কথা ডেস্ক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈখালী ইউনিয়নের বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।
এদিকে, কোস্ট গার্ডের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।









