প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৪:৪৭:২৩ অনলাইন সংস্করণ
পিরোজপুরে ১ হাজার কেজির ‘শান্ত’ ষাঁড়, দাম ৮ লাখ টাকা

কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি ষাঁড় নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘শান্ত’। সাদা-কালো রঙের এই বিশাল গরুটি অপরিচিত কাউকে দেখলে কিছুটা অস্থির হয়ে ওঠে। এত বড় আকারের হওয়ায় এটিকে বাইরে বের করতে ১০–১২ জন মানুষের সহায়তা লাগে।
মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের গাজী অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছে এই গরুটি। চার বছর ধরে যত্ন নিয়ে বড় করা হয়েছে এটিকে। দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং উচ্চতা প্রায় ৫ ফুট।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গরুটির দেখাশোনায় প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ হয়। তিনজন কর্মী নিয়মিতভাবে খাবার দেওয়া, গোসল করানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এর খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, ছোলা, শুকনা খড়, কাঁচা ঘাস, গমের ভুসি ও সাইলেজ। গরম সহ্য করতে না পারায় ফ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে।
বর্তমানে ষাঁড়টির দাম হাঁকা হয়েছে প্রায় ৮ লাখ টাকা। ন্যায্য দাম পেলেই এটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন খামার সংশ্লিষ্টরা।
এদিকে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ এই বিশাল গরুটি দেখতে খামারে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বিস্ময় নিয়ে দেখছেন ‘শান্ত’ নামের এই ষাঁড়টিকে।









