প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৪:৩৪:৩৪ অনলাইন সংস্করণ
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মোট ১৬৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন।
ফ্লাইট পরিচালনায় রয়েছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে Biman Bangladesh Airlines পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট, Saudia পরিচালনা করেছে ৬১টি এবং Flynas পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস বহন করেছে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ১৭ মে ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) সৌদি আরবে মারা যান।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।









