জাতীয়

সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ২:১৪:৫১ অনলাইন সংস্করণ

গাজীপুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে সরকার পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করবে। বুধবার (২০ মে) টঙ্গীর সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির কথা উল্লেখ ছিল এবং সরকার গঠনের পর সেই কাজ শুরু হয়েছে। তার মতে, খাল খনন কৃষি, পানি সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, গত দুই দশকে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারের কারণে পানির ঘাটতি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় বর্ষার পানি সংরক্ষণ ও খাল পুনঃখননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে যাচ্ছে। বিশেষ করে ফারাক্কা বাঁধের প্রভাবে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, যা সুন্দরবনসহ আশপাশের কৃষিজমি ও জনপদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

তারেক রহমান বলেন, পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষাকালের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা মানুষের কাজে ব্যবহার করা হবে। তিনি আরও দাবি করেন, তিস্তা ইস্যুতে বিএনপি অতীতেও কর্মসূচি পালন করেছে এবং ভবিষ্যতেও এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।

আরও খবর