প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৩:১৭:৩৩ অনলাইন সংস্করণ
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানার সেকশন-১১ এর ব্লক-বি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম লামিসা (৮)। সে আব্দুল হান্নান মোল্লার মেয়ে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লা এলাকা থেকে অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর পরিবার পল্লবীর একটি বাসায় ভাড়া থাকত। একই ভবনের পাশের বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন অভিযুক্ত সোহেল। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে পরিচয় ছিল। মঙ্গলবার সকালে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। পরে সোহেলের বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মাথাবিহীন মরদেহ খাটের পাশে পড়ে ছিল এবং বিচ্ছিন্ন মাথা একটি বালতির ভেতর পাওয়া যায়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।

















