প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ৭:৫৭:৪৪ অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সর্বশেষ মারা গেছেন মো. কাউসার (৩০) নামে এক কর্মী। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে একই ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। বিস্ফোরণে মোট ১২ জন দগ্ধ হন এবং তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী ছিলেন। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ক্যানটিনে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়লে কর্মীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না তা তদন্ত করা হবে।

















