সাতক্ষীরা আশাশুনিতে বাঁধ রক্ষায় স্থানীয়দের প্রাণপণ চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে এমপি রবিউল বাশার সহ পাউবো কর্মকর্তারা
শেখ কামরুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ আকস্মিকভাবে নদীতে ধসে পড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে হঠাৎ এ ভাঙন দেখা দেয়। এরপর থেকেই বাঁধ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
ভাঙন ঠেকাতে বাঁশের পাইলিং ও জিও ব্যাগ ফেলার পাশাপাশি বিভিন্নভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাউবোর তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক কর্মী ও স্থানীয়রা বাঁধ রক্ষায় কাজ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ও কার্যকরভাবে ভাঙন প্রতিরোধ করা না গেলে এলাকার ১৪টি মৌজার প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের, ফসলি জমি ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে নদীর পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কাও রয়েছে।
ভাঙনের খবর পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি রবিউল বাশার বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বর্তমানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বাঁশের পাইলিং ও জিও ব্যাগ ফেলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।