সাতক্ষীরা

নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনে স্থবির সাতক্ষীরা শহর

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ২:৩৯:৪৫ অনলাইন সংস্করণ

শেখ মাহমুদুর রহমান , সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরে দিন দিন বেড়েই চলেছে যানজটের দুর্ভোগ। শহরের প্রধান সড়কসহ অলিগলিতে অবাধে চলাচল করছে ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নসিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এসব যানবাহনের অধিকাংশের বৈধ কাগজপত্র নেই, চালকদেরও ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। পাশাপাশি যানবাহনের বিকট শব্দ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষণও বাড়ছে।
শহরবাসীর অভিযোগ, ভাঙাচোরা ও অনিরাপদ এসব যানবাহন মাঝেমধ্যেই সড়কে বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। এতে জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস—সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি প্রতিদিন জ্বালানির অপচয় ও কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে।
যদিও মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে, তবে তা স্থায়ী সমাধান আনতে পারছে না। অভিযান শেষ হলেই আবারও আগের অবস্থায় ফিরে আসে পরিস্থিতি।
সংশ্লিষ্টদের মতে, কঠোরভাবে ট্রাফিক আইন বাস্তবায়ন, নিয়মিত অভিযান পরিচালনা এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সংকট অনেকটাই নিরসন সম্ভব। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাতক্ষীরা শহরে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরও খবর