প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৪৪:৫২ অনলাইন সংস্করণ
গ্রামের কথা ডেস্ক :
সাতক্ষীরায় বেকারি শিল্পের বিভিন্ন সমস্যা, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের সংকট নিয়ে বেকারি মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরায় জেলার বেকারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৯৫টি কারখানার মালিকের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমানে বেকারি শিল্পে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মালিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। বিশেষ করে আটা, ময়দা, চিনি, তেলসহ বিভিন্ন কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যবসায়ীরা। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেকারি পণ্যের ব্যবসায়ীরা নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছেন বলে সভায় মত প্রকাশ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার সনামধন্য বেকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিউল্লাহ মনি-কে সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। মোহাম্মদ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক।
এছাড়া কমিটির অন্যতম সদস্য হিসেবে সাতক্ষীরা হাসিব ফুডের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবু নির্বাচিত হয়েছেন।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বেকারি শিল্পের উন্নয়ন, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বেকারি মালিকরা মনে করেন, কাঁচামালের বাজার স্থিতিশীল করা গেলে উৎপাদন ব্যয় কমবে এবং একই সঙ্গে সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত মূল্যবৃদ্ধির চাপও কিছুটা কমানো সম্ভব হবে।

















