প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ৩:২০:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)। রোববার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে পরিচালিত এই অভিযানে মাদকজাত সিলডেনাফিল ও কাটাগ্রা ট্যাবলেট, ভারতীয় শাড়ি-বোরকা ও বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী, ঝাউডাঙ্গা ও কাকডাঙ্গায় অভিযান পরিচালনা করা হয়। বৈকারী সীমান্ত থেকে ১০০ পিস সিলডেনাফিল এবং কাকডাঙ্গা সীমান্ত থেকে ১,০০০ পিস কাটাগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া লক্ষীদাড়ি, ঘোনা পোস্ট, খৈ-তলা, চেকপোস্ট, কেড়াগাছি ও কাদপুর এলাকা থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা এবং ওষুধ আটক করা হয়েছে।
৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা গেছে, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে ঢোকাচ্ছিল। এসব পণ্য আমাদের দেশের রাজস্ব এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।”
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হচ্ছে।
স্থানীয়রা বিজিবির এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, এমন অভিযান নিয়মিত চালালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা আরও জোরদার হবে। দেশীয় শিল্প রক্ষা ও তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।





